
হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি)
সান্তাহার শহরের বশিপুরে, সড়কের গর্তে পাশাপাশি দুই ট্রাক আটকে ১৫ ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় যানবাহন গুলো সান্তাহার শহরের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। এ সময় শহরবাসী এবং ওই সব যানবাহনের চালক ও যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক চলাচল অযোগ্য হবার প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কটি পুনঃনির্মান করার জন্য দুই শত কোটি টাকা বরাদ্দ দেন। টেন্ডারের মাধ্যমে ২০১৭ সালে তিনটি গ্রুপে তিন ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করেন। এর মধ্যে আদমদীঘি উপজেলার পূর্বাংশ থেকে পশ্চিমে সান্তাহার শহরের বশিপুর বাইপাস পর্যন্ত প্রায় সাড়ে ১১কিলোমিটার কাজের ঠিকাদার নিযুক্ত হয় নাভানা কন্সট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্টান। কার্যাদেশ পাওয়ার পর বগুড়ার চারমাথা থেকে দুপচাচিয়া উপজেলার পশ্চিমাংশ পর্যন্ত কাজ নির্ধারিত সময়ে শেষ করেন অপর দুই ঠিকাদারী প্রতিষ্ঠান।
তার পরের অংশের ঠিকাদার নাভানা কন্সট্রাকশন কাজ শুরু করার পর আদমদীঘি উপজেলার নসরতপুরের জয় ফিলিং স্টেশন পর্যন্ত পূর্ণাঙ্গ কাজ করার পর পশ্চিম দিকের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে এই সড়কের কি যে দুরবস্থা তা চোখে না দেখলে বলে বোঝানো কঠিন। সড়কের অবশিষ্ট প্রায় ৯ কিলোমিটার অংশের সর্বত্র বড় বড় খানা-খন্দক ও গর্তে হরহামেশায় আটকে বা দেবে যায় বিভিন্ন যানবাহন। আটকে যাওয়া যানবাহন গুলো উদ্ধার না করা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বশিপুর কালী মন্দিরের সামনে সড়কের গভীর গর্তে প্রথমে ভুট্টা বোঝাই ট্রাক আটকে যায়। এর কিছু পর একই স্থানে বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকও আটকে যায়। এতে করে বন্ধ হয়ে যায় নওগাঁগামী ও নওগাঁ থেকে দেশের বিভিন্ন স্থান অভিমুখী সব ধরনের যানবাহন চলাচল। শুক্রবার বেলা ১১টার দিকে আটকে যাওয়া ট্রাক উদ্ধার করার পর ফের যানবাহন চলাচল শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.