নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরের রায়পুরে ৭টি প্রাইভেট হাসপাতালকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও তা মানছেনা কর্তৃপক্ষ।হাসপাতাল গুলোর বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা এবং নবায়ন না করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার দুপুরে (২৫ আগষ্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিভিল সার্জন অভিযান চালিয়ে ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের জন্য মৌখিক ও পরদিন সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলমের মাধ্যমে লিখিতভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রাইভেট হাসপাতালগুলো হচ্ছে, রায়পুর সরকারি হাসপাতালের সামনে নিরাময়, মর্ডান, জনসেবা, বাসটার্মিনাল এলাকায় মেহেরুন্নেছা, মা ও শিশু, তাজমহল সিনেমা হলের সামনে মেঘনা ও সাবরেজিষ্টার কার্যালয়ের সামনে অবস্থিত ম্যাক্স কেয়ার হাসপাতাল।
সিভিল সার্জন ডাক্তার আবদুল গফ্ফার বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, আমাদের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক। গত ২৩ আগষ্ট নবায়ন করার শেষ সময় পার হলেও তা না করাসহ রায়পুরের প্রাইভেট হাসপাতালগুলোতে সমস্যা পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল কর্ততৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্ন সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেয়া হয়েছে। সাতদিন পার হওয়ার পরও কেন কার্যক্রম চলছে দ্রুত কর্তৃপক্ষকে আবারও লিখিতভাবে জানা হবে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযানে সিভিল সার্জনসহ তার টিম অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করেন, কাগজপত্র যাচাই বাছাই করেন।
রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, সিভিল সার্জনে নির্দেশে ৭টি প্রাইভেট হাসপাতালকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.