
হাসান সজিব, জবি প্রতিনিধি।।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই বিদেশ ভ্রমণের অভিযোগ পাওয়া গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল বাকি বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত না করে তিন মাস ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
জানা গেছে, ড. আব্দুল্লাহ আল বাকি ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অস্ট্রেলিয়ায় যান। গত বছরের ডিসেম্বরে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। অস্ট্রেলিয়া থেকে এসে তিনি আবার পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগেই তিনি না জানিয়ে গত ২৪ মে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে যান। বিভাগের সেমিনার, বিভিন্ন সভায় অনুপস্থিত থাকায় গত ২০ জুলাই বিভাগীয় চেয়ারম্যান বিভাগের প্ল্যানিং কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন। পরে ২৯ জুলাই ড. আব্দুল্লাহ আল বাকি বিভাগের চেয়ারম্যানকে মোবাইল ফোনে তার জরুরি প্রয়োজনে বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ২০ আগস্ট বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
ড. আব্দুল্লাহ আল বাকির সাথে ই-মেইল বার্তায় যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ছুটি ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। এখানে আসার আগে ছুটির জন্য আবেদন করেছি। করোনা সংকটের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তাই এখানে আসা ছাড়া কোনো উপায় ছিল না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষকের বিদেশ ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তির বিষয়টি প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.