প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২০, ৫:৪৭ এ.এম
৯৯৯ এ ফোন, দুই তরুণীকে উদ্ধার

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চট্টগ্রামের একটি বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক নারীসহ দুইজনকে।
নগরীর বাকলিয়া থানার কল্পোলোক আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, করোনাভাইরাস মহামারীতে চাকরি হারানো এই দুইজনকে চাকরি দেওয়ার নামে ওই বাসায় এনে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল।
এই ঘটনায় শাহীন আক্তার (২৪) ও দেলোয়ার হোসেন (২৫) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বাংলা খবরকে জানান, সোমবার বিকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ এক নারী ফোন করে বলেন, তাকে ও তার ফুপাত বোনকে একটি বাসায় আটকে রাখা হয়েছে।
৯৯৯ থেকে আমার নম্বরে সংযুক্ত করে দেওয়ার পর তাদের সাথে কথা বলি। তবে তারা একটি ভবনে তাদের আটকে রাখার কথা বললেও ঠিকানা বলতে পারছিলেন না। তাদের আশে পাশের দৃশ্য বর্ণণা করতে বললে সে অনুযায়ী থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে।”
ওসি বলেন, অভিযানে কল্পলোক আবাসিক এলাকার জি-৩১ নম্বর ব্লকের ‘এমিরেটার্স প্যালেস’ নামে একটি ভবন শনাক্ত করা হয়। ওই ভবনের পঞ্চম তলার ৪-বি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধারের পাশাপাশি শাহীন আক্তার ও দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা দুই নারী ও গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা কর্ণফুলী ইপিজেডে ক্যানপার্ক নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মহামারীর কারণে তাদের চাকরি চলে যায়।
ওই দুই তরুণী বলেন, তাদের সাথে কাজ করা রেখা নামে এক নারী তাদের অন্য কারখানায় চাকরি পেতে রাকিব নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাকিব তার বন্ধু শওকত আলী ও শাহীন আকতার মিলে গত শনিবার রাতে তাদের ওই বাসায় নিয়ে আসে।
ওই বাসাটি রাকিব ও শওকত মাস খানেক আগে ভাড়া নিয়েছিলেন।
“সেখানে অসহায় তরুণীদের এনে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হত,” বলেন ওসি নেজাম।
গ্রেপ্তার দুজন ছাড়াও রাকিব, শওকত ও রেখাকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক তিন জনকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.