
বিশেষ প্রতিনিধি ।।
আজ ১৫ অক্টোবর- ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। ‘সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যয় আজকেও বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে।
আজ বৃহস্পতিবার(১৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হাত ধুয়ে ও বেলুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার (GHP) (পূর্বে নাম ছিল ‘হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে।
নভেল করোনাভাইরাসজনিত চলমান বৈশ্বিক মহামারির মধ্যে বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, পরিষ্কার পানি ও সাবান দিয়ে এক ঘণ্টা পর পর হাত ধুয়ে নেওয়া প্রয়োজন।
নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করলে শুধু করোনাভাইরাস নয়, আরো অনেক অসুখ-বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে পারব আমরা।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো– সকল সমাজের সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
বিশ্ব পানি সপ্তাহে সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া অংশীদার (GHP) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.