
আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার সান্তাহার শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনী বস্তির একটি বাড়ির তালা দেওয়া ঘরের ভিতরে থেকে ফাইমা বেগম (২৮) নামের এক গৃহবধূর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার(১১ নভেম্বর) বেলা ১১টায় শহর ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা গেছে, সান্তাহার পৌর শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনী বস্তির মৃত আইনুল শেখের মেয়ে ফাইমা বেগম তার স্বামী সাইফুল ইসলামকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে প্রায়ই পারিবারীক কলহ-বিবাদ চলত।
সোমবার রাত থেকে ফাইমার ঘরে তালা দেওয়া ছিল। পাড়া-প্রতিবেশীরা বুধবার সকালে ফাহিমা-সাইফুর দম্পতির ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ পেতে থাকে। বিষয়টি তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী সাইফুল ইসলাম খোকনকে অবহিত করে। ওয়ার্ড কাউন্সিলর গিয়ে জানালা দিয়ে লাশ দেখে মোবাইল ফোনে শহর পুলিশকে জানায়।
খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ এবং সহকারী উপ-পরিদর্শক রোস্তম ফারুক ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য এ দিন দুপুরে বগুড়া মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করা সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ ফাইমাকে হত্যা করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.