অনলাইন ডেস্ক ।।
কোভিড-১৯-এর ধাক্কায় বিশ্ব অর্থনীতি রীতিমতো কাঁপছে।গত মার্চের শুরুতে দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে একের পর এক ক্রয়াদেশ হারাতে থাকেন তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা। কিন্তু প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে অক্টোবরে ফের আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ, যার প্রভাবে এরই মধ্যে ৩০ শতাংশ কমেছে তৈরি পোশাকের রপ্তানি আদেশ।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে বিভিন্ন পণ্য আমদানির এলসি খোলা হয়েছিল ১ হাজার ৪৬০ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে খোলা হয়েছে ১ হাজার ৩৩০ কোটি ডলার। ঐ সময়ে এলসি খোলা কমেছে প্রায় ৯ শতাংশ।
বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। ২০১৯ সালের নভেম্বরের প্রথম ১৪ দিনে রপ্তানি হয়েছিল ১০৫ কোটি ৪৭ লাখ ডলারের পোশাক। চলতি নভেম্বরের একই সময়ে রপ্তানি হয়েছে ৯৭ কোটি ৮৫ লাখ ডলারের পোশাক।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় অর্থনীতির চাকা আবার থেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কারণ, প্রথম পর্যায়ের চেয়ে দ্বিতীয় ঢেউ লম্বা ও দীর্ঘ সময় থাকার আশঙ্কা রয়েছে।এজন্য নীতি নির্ধারণে আরো সতর্ক হওয়াসহ নতুন করে প্রণোদনা ঘোষণারও পরামর্শ দিয়েছেন তারা। এখন কর্মসংস্থান টিকিয়ে রাখতে হবে। এ জন্য প্যাকেজ বাস্তবায়নে আরো নজর দিতে হবে। আর অর্থনীতি পুনরুদ্ধারে ঘোষিত প্যাকেজ বাস্তবায়নে একটি স্বাধীন মূল্যায়ন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.