প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২১, ৯:৩৫ এ.এম
কুবির দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

আবু সাঈদ, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৬ জন শিক্ষক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে গণমাধ্যমে তথ্য দেয়ার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের পদোন্নতি বাতিল না করার দাবি জানানো হয় বিবৃতিতে।
মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এইরকম গর্হিত প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এতে শুধু ব্যক্তি মাহবুবই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিক্ষার পরিবেশের জন্য অশনিসংকেতস্বরূপ'।
কাজী এম. আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত নিয়ে বলা হয়, 'ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের মূলনীতিবিরুদ্ধ ও অসামঞ্জস্যপূর্ণ। এসব ঘৃণিত পদক্ষেপ আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষকদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক ও বিদ্বেষপূর্ণ আচরণ হিসেবে আমরা দেখছি। এতে সার্বিকভাবে সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট হয়।'
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.