প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ৩:৫৫ পি.এম
দুমকিতে কার্বাইড দিয়ে পাকানো আম পুড়িয়ে ধ্বংস ও জরিমানা

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নির্দিষ্ট সময়ের আগেই বাজারে আসা প্রায় ৭০০ কেজি আম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় এসব ক্ষতিকারক আম বিক্রির অপরাধে ভ্রাম্যমান বিক্রেতা মো. সজিবকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সজিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে বরিশালের বাংলা আড়ৎ থেকে আনা এ আম পিক-আপে করে কেজি ৫০ টাকা দরে দুমকি উপজেলার নতুন বাজার এলাকায় বিক্রি করা হচ্ছিল।
জানা যায়, ক্ষতিকারক রাসায়নিক দিয়ে পাকানো আমে সয়লাব উপজেলার বিভিন্ন বাজার। নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে কার্বাইড দিয়ে পাকানো এ আম বিভিন্ন মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপজেলাবাসী।
এসব আম খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশংকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা বলেন, কিডনি সমস্যা, বিভিন্ন ক্যান্সারসহ নানা রকমের স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, গর্ভবতী মা এসব আম খেলে বিকালঙ্গ শিশুর জন্ম হতে পারে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, আমগুলো কাটার পরে বিচি ছিল অপরিপক্ক ও অস্বাভাবিক। তাই আম গুলোকে জব্দ করে নষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, উক্ত অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.