প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৮:৩৪ পি.এম
লক্ষ্মীপুরেও মনোনয়ন বাতিল হলো বিকল্পধারার মান্নানের
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের পর এবার লক্ষ্মীপুর-৪ আসনে ও ( রামগতি-কমলনগর ) বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং কর্মকর্তা বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি তিন কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন করতে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আবদুল মান্নানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি দুজন হলেন স্বতন্ত্র আবদুল সাত্তার পলোয়ান ও মাহমুদুর রহমান। বাকি ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আবদুল মান্নানের প্রতিনিধি আইনজীবী মো. আবু সুফিয়ান খান সাংবাদিকদের বলেন, আবদুল মান্নানের সব মামলা স্থগিত এবং ঋণ হালনাগাদ রয়েছে। মনোনয়নপত্র বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.