নাটোরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

বিশেষ প্রতিনিধি ।।
জেলার সিংড়া উপজেলা পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার উপরে এবং নলডাঙ্গা ষ্টেশন পয়েন্টে বারনই নদীর পানি বিপদ সীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১.০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী সভা করেছে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
সভায় জানানো হয়, চলনবিল ও হালতি বিল অধ্যুষিত সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলায় দুই হাজার ৯৬৪ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ হাজার ৮৪ জন কৃষক। ইতোমধ্যে সিংড়া উপজেলায় ২২টি এবং নলডাঙ্গা উপজেলায় ৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট ২৮টি আশ্রয় কেন্দ্রে এক হাজার ৭০০ জন শিশু, মহিলা ও পুরুষ আশ্রয় নিয়েছেন।
সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান জানান, গত ২০ বছরের মধ্যে আত্রাই নদীর পানি বর্তমানে বিপদ সীমার সবচে’ উপরে অবস্থান করছে। আগামী দুই থেকে তিন দিন পরে থেকে অবস্থার উন্নতি হতে পারে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। ইতোমধ্যে পানির স্বাভাবিক প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সৌতি জাল অপসারণে প্রশাসনিক অভিযান শুরু হয়েছে এবং তা আরো জোরদার করা হবে। বন্যা দূর্গত মানুষের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করতে ১৯টি মেডিকেল টিম কাজ করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ, খাদ্য গুদাম এবং চলাচলের রাস্তা ও মহাসড়ক বন্যার ক্ষয়ক্ষতির আওতামুক্ত রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসমূহ সমন্বিত দায়িত্ব পালন করবেন বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।
