প্রধানমন্ত্রী কর্তৃক বিজিবি’র এয়ার উইং এর হেলিকপ্টার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্য ০৮ নভেম্বর ২০২০ তারিখ গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড, পিলখানা, ঢাকায় আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এয়ার উইং এর জন্য রাশিয়া থেকে ক্রয়কৃত নতুন দুইটি অত্যাধুনিক এমআই-১৭১-ই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 
 সকাল ১০:৩১ ঘটিকায় বিজিবি’র সুসজ্জিত চৌকস দল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদানের মাধ্যমে হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি [Major General Md Shafeenul Islam, BGBM(BAR), ndc, psc] স্বাগত বক্তব্য প্রদান করেন। সকাল ১০:৩৫ ঘটিকায় বিজিবি কর্তৃক নির্মিত ‘ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনে বিজিবি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মূল্যবান ভাষণে  উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের মে মাসে বিজিবি এয়ার উইং এর কার্যক্রম শুরু হয় এবং ২০২০ সালের জানুয়ারি মাসে বিজিবি’র জন্য রুশ প্রজাতন্ত্র হতে ০২টি অত্যাধুনিক এমআই-১৭১-ই হেলিকপ্টার ক্রয় করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে বিজিবি দেশ মাতৃকার সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবে। এটি শুধুমাত্র বিজিবি’র উন্নতি নয়, এটি দেশবাসীর জন্যও অত্যন্ত গৌরবের।  ‘বিজিবি এয়ার উইং’ এর এই যাত্রা বিজিবি’র সার্বিক কর্মকান্ডকে আরও গতিশীল করবে বলে তিনি  বিশ্বাস করেন। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকার সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের সকল প্রকার অপারেশনাল কার্যক্রম, রসদ সরবরাহ ও প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় এই হেলিকপ্টার ০২টি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরীব, দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের স্বপ্ন পূরণে বর্ডার গার্ড বাংলাদেশ তার ঐতিহ্য সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে বিজিবি’র অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি এবং সফলতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী বিজিবি এয়ার উইং এর দুটি হেলিকপ্টার ‘বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হেলিকপ্টার উদ্বোধন শেষে বিজিবি’র সার্বিক কল্যাণ, অব্যাহত উন্নয়ন, উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে বিজিবি’র সুসজ্জিত চৌকস দল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় সালাম প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে বিজিবি এয়ার উইং এ নতুন সংযোজিত দুটি হেলিকপ্টারের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তর, পিলখানায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি সহ বিজিবি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনলাইনে উপভোগ করার জন্য আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবর্গের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের উপভোগের জন্য অনুষ্ঠানটি জাতীয় সম্প্রচার মাধ্যম সমূহেও সম্প্রচার করা হয়।