দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভার ভোট জানুয়ারিতে

অনলাইন ডেস্ক ।।

দ্বিতীয় ধাপের ৬০টির মত পৌরসভায় নির্বাচন জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এবার মোট চারটি ধাপে ১৯৪টি পৌরসভার ভোট হবে। ইতিমধ্যে প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে।

রবিবার ( ২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হয়। সন্ধ্যায় কমিশন সভার সিদ্ধান্ত সাংবাদিকদের তুলে ধরেন ইসি সচিব।

আলমগীর বলেন, এবার মোট চারটি ধাপে ১৯৪টি পৌরসভার ভোট হবে। প্রথম ধাপে ২৫টি পৌরসভার ভোট হবে ২৮ ডিসেম্বর। এর বাইরে প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেওয়া হবে। জানুয়ারির শেষে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।শীতকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।’

প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে প্রবাসে ভোটার হিসেবে নিবন্ধিত হতে কোনো ফি দিতে হবে না।