মাস্ক ছাড়া বাইরে বের হলে জরিমানা-জেল

নিজস্ব প্রতিনিধি ।।
কোভিড-১৯ মহামারীর মধ্যে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলে জরিমানা করা হবে ভ্রাম্যমাণ আদালতর মাধ্যমে। এতেও যদি কাজ না হয়, লোকজন সতর্ক না হয় তাহলে কারাগারেও যেতে হতে পারে। এমন সতর্কতা এসেছে সরকারের পক্ষ থেকে।
সোমবার(৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা শহরে এখনও অনেকে সর্তক হয়নি, তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে ফাইন হয়ে যাবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা। তারপরও মাস্ক না পরলে জেলে যেতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শক্ত অবস্থানে সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্টদের ‘কঠোর অবস্থানে’ যাওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
করোনার টিকার বিষয়ে তিনি বলেন, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
