পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো. সুমন মৃধা, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (পবিপ্রবি) তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক- কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিনবৃন্দ,শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, পবিপ্রবি ছাত্রলীগ, ছাত্রীগ বিভিন্ন হল শাখা, সৃজনী বিদ্যানিকেতন, নিরাপত্তা শাখা, কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে এক বর্নাঢ্য বিজয় র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটরিয়ামে এসে শেষ হয়। সকাল ১০ টায় অডিটোরিয়ামে বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।
পবিপ্রবির উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
হর্টিকালচার বিভাগের শিক্ষক সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, ছাত্রলীগ পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মজিবর মৃধা প্রমুখ।
দুপুর ১২ টায় কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর দেড়টায় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
