লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিত্ব, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তারা আমাদের পথপ্রদর্শক। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজকে আরও সমৃদ্ধ করা সম্ভব। বর্তমান সরকার প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রবীণদের অধিকার রক্ষা এবং পরিবার ও সমাজে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খীসা,অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সনাকের জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে তাদের নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর ও গুরুত্বারোপ করেন তারা।
দিবসটির আলোচনা সভায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রবীণ এবং নবীন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
