নোয়া সংবাদ : আইন পেশা একটি সম্মানিত পেশা উল্লেখ করে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা ) বলেন, আইনজীবীরা জাতির বিবেক। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সংবিধান রক্ষায় আইনজীবীদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
শনিবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এছাড়া নবীন আইনজীবীদের যোগ্যতা অর্জনের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইনজীবীদের প্রাথমিক জীবন অনেক সময় কষ্টের এবং দুর্দশাগ্রস্ত হয়। তবে টাকার জন্য না দৌড়ে যোগ্যতা অর্জন কর।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল বাসেত মজুমদারকে দেশের ৫৭টি আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নিজের বক্তব্যে বাসেত মজুমদার সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ১৯৬৬ সালে হাইকোর্টে আইন পেশা শুরু করেন তিনি। প্রথম দিকে অনেক দুঃখ দুর্দশায় জীবন কাটালেও পরে তা কাটিয়ে উঠতে পেরেছেন বলে জানান এই আইনজীবী। নিজেকে গরিবের আইনজীবী উল্লেখ করে সব সময়ই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে জানান আবদুল বাসেত মজুমদার।
তিনি বলেন, আইনজীবীদের কল্যাণে দেশের সব বারে বাসেত মজুমদার ট্রাস্ট নামে দুই লাখ টাকার একটি ট্রাস্ট গঠন করে দিয়েছেন। যেখান থেকে আইনজীবীদের প্রয়োজনে চিকিৎসার জন্য ব্যয় করা হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য ১০ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.