নোয়া সংবাদ: রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এতে আহত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম ও বিএনপি নেতা মেজর জেনারেল অব. রুহুল আমিন ও আমির খসরু মাহমুদসহ ৫ জন।
এ হামলার জন্য আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকদের দায়ী করেন আমীর খসরু। হামলার সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এখানে যে হামলার ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য। আমরা রাঙামাটির কাপ্তাই হয়ে ভোটঘরে রিলিপ দিতে যাচ্ছি। এটা সবাই জানে। ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা, রড, ছুরি, ধামা, রামদা নিয়ে মহাসচিবের গাড়িতে হামলা করে। এতে গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়।
সন্ত্রাসীদের হামলায় আহত মির্জা ফখরুল আতংকিত হয়ে স্থানীয় মসজিদে আশ্রয় নেন।
হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ। এ সময় তিনি বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন।
আমীর খসরু মাহমুদ ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমাদের নিরাপত্তা নিতে ব্যর্থ হয়েছেন। এ কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। সাধারণ নেতাকর্মীদের বেলায় তো কথাই নেই। সাধারণ মানুষ এই সরকারের হাতে নিরাপদ নয়।
সূত্র: RTV অনলাইন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.