রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় ডিলার ওসমানকে কুপিয়ে জখমসহ মোট ৩জনকে মারধর করে প্রায় ৪০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার(২৭,নভেম্বর) দুপুরে রাখালিয়া বেঙ্গল সু ফ্যাক্টরীর সামনে রিহাব টেলিকমের এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ দুটি মাইক্রোবাস ও ২০/২৫টি মোটর সাইকেল যোগে ৫০/৬০ জন লোক এসে ওসমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় ওসমান দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এদিকে ১৫/২০ জন ব্যাংকিং এজেন্ট শাখায় প্রবেশ করে ক্যাশিয়ার লাভলীকে ভয় দেখিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা ও রিহাব টেলিকমের কর্মচারী নাজিম ও রিপনকে মারধর করে ২০/২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ওসমান অভিযোগ করে বলেন, দালাল বাজার ইউনিয়নের যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা একটি মোবাইল সীম কার্ডের জন্য রিহাব টেলিকমে (ওসমানের দোকান) আসলে প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়া সীম কার্ড দেয়া হবেনা বলে জানিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা ৫০/৬০ জন সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত ও কর্মচারীদের মারধর করে টাকা লুট করে বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযুক্ত দালাল বাজার ইউনিয়নের যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা হামলা ও টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন,শুনেছি বাদশা নামের একজন হামলা করেছে । ঘটনাটি বিস্তারিত জেনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.