লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ৫টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৫ জন জেলেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা কালে ৪ জলদস্যুকে আটক করেছে পুলিশ।
রবিবার(২৪ ডিসেম্বর) সকালে কমলনগর উপজেলার মতিরহাট মাছ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় অপহৃত জেলেদের উদ্ধার করা হয়।
শরিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রামগতির চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৯ নং ওর্য়াডের মোঃ শাহে আলম (৪৫), জামাল (২৮), তারেক (৩০), শিপন (২৮)।
উদ্ধারকৃত জেলে আনু মাঝি ও জুয়েল জানান, মাছ শিকারে গেলে হঠাৎ ১০/১২ জনের এক দল জলদস্যু তাদেরসহ ৫টি মাছ ধরার ট্রলারে আক্রমন করে। এসময় ট্রলার গুলোতে থাকা মাছ, জাল, সোলার প্যানেল, তেলসহ আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জমাদি লুট করে তারা। একই সঙ্গে তাদেরকেসহ ৫ জন জেলেকে অপহরণ করে ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে দস্যুরা।
রবিবার(২৪ ডিসেম্বর) সকালে স্থানীয় মতির হাট মাছ ঘাটে দস্যুদের ট্রলার থামিয়ে মাছ বিক্রি করতে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন অপহৃতরা। এসময় স্থানীয়রা ৪ জলদস্যুকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ জলদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.