ডেস্ক রিপোট:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি,২০১৮) দুপুরে জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিলের অগ্রভাগে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়।
বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে বিক্ষোভকারীদের কোনও বাধা দেয়নি পুলিশ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরে সাজা হয়েছে। পাঠানো হয়েছে নাজিমুদ্দিন রোডের কারাগারে। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ বিক্ষোভ করে তার দল। এছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.