লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে জব্দ করা প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ খুঁটিজাল ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ভোলা জোনের লক্ষ্মীপুর স্টেশন।
শনিবার (১৪ জুলাই,১৮) বিকালে মজুচৌধুরীহাট এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইদিন দুপুরে কন্টিজেল কমান্ডার বাবুল আক্তারের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে চর মেঘা এলাকার মেঘনা নদী থেকে এসব জাল ও খুঁটি জব্দ করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, খুঁটিজাল হলো মাছ ধরার একটি নিষিদ্ধ মাধ্যম। এটি ব্যবহারের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জাটকাসহ সব ধরনের পোনা মাছ বিনষ্ট হয়। এছাড়া খুঁটিজালের কারণে নৌযান চলাচলেও ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। চরমেঘা এলাকায় মেঘনা নদীতে খুঁটিজাল লাগানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় প্রায় ১৫ হাজার মিটার খুঁটিজাল জব্দ করা হয়। তবে এরসাথে সংশ্লিষ্ট কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। ওইদিন বিকালে মজুচৌধুরিহাট এলাকায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামানের উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড লক্ষ্মীপুর স্টেশনের কন্টিজেল বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র নদীর একপাড় থেকে অন্যপাড় পর্যন্ত খুঁটি গেড়ে মাছ ধরার জন্য নিষিদ্ধ এ ধরনের জাল পাতে। এ চক্রের সদস্যদের গ্রেফতার ও নদীর বুক থেকে খুঁটিজাল অপসারণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.