
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি বলেছেন, অবিভক্ত পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খাঁনের মতো হ্যাঁ/না ভোটের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপর শখের বসে তিনি বিএনপি নামে একটি রাজনৈতিক দল গঠন করে। এসময় তিনি বঙ্গবন্ধুর খুনীদের দেশে-বিদেশে চাকরী দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করেছিলেন।
বুধবার (১৫ আগস্ট) সকালে লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাজাহান কামাল আরো বলেন, জিয়াউর রহমানের নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল বিপদগ্রামী কিছু সেনা অফিসার। এমন হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে আর একটিও নেই। এ ঘটনার পর জেনারেল জিয়া খুনী সেনা অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘ওয়েল ডান’ তোমরা একটি ভালো কাজ করেছো।
বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত। তাদের সহযোগিতায় আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। অথচ বিএনপি দেশ ও দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে জামায়াতের সাথে আঁতাত করেছে। বারবার দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যর্থ চেষ্টা অব্যাহত রেখেছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.