ফেনী সংবাদদাতা।।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় একই পরিবারে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার(০৩ জুন) রাতে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলার সদর ইউপির জগতপুর গ্রামের একই পরিবারের তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে মা-মেয়ে ও নাতি রয়েছেন। ওই পরিবারের আরো দুইজন এর আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, এ নিয়ে দাগনভূঞায় মোট ৫৭ জনের করোনা শনাক্ত হলো। সুস্থ হয়েছেন ১০ জন। করোনা শনাক্তের জন্য ৫শ’ ৯৫ জনের নমুনা পাঠানো হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে ৪শ’ ৪৬ জনের প্রতিবেদন এসেছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ’ ৯৩ জনে। মঙ্গলবার পর্যন্ত ২ হাজার ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে ১ হাজার ৬শ’ ৪৬ জনের প্রতিবেদন আসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন।
করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরের ৬২ জন, ছাগলনাইয়ায় ২১ জন, দাগনভূঞায় ৫৭ জন, সোনাগাজীতে ২১ জন, ফুলগাজীতে ৬ জন, পরশুরামে ৮ জন। অপর ৫ জন পার্শ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.