অনলাইন ডেস্ক।।
ঢাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ছোট লঞ্চ ডুবিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সূত্রে জানা গেছে, সোমবার(২৯ জুন) সকালে ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী মর্নিং বার্ড নামের একটি ছোট আকারের লঞ্চ ময়ূর-২ নামে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় মর্নিং বার্ড লঞ্চটিতে ৫০ জনের অধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূরী-২ লঞ্চটি লালকুঠী ঘাটে যাত্রী নামিয়ে সদরঘাটের চাঁদপুর ঘাটে গিয়ে নোঙ্গর করার জন্য পেছন দিকে ঘুরছিল। ওই সময় লঞ্চটির পেছনে থাকা মর্নিং বার্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, যাত্রীদের মধ্যে যারা ভেতরে ছিলেন তারা বের হতে পারেননি। কিছু যাত্রী যারা বাইরে ছিলেন তারা সাঁতরে তীরে উঠেন। নারী, শিশু এবং বৃদ্ধরা বের হতে পারেননি।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী আবদুর রউফ জানান, লঞ্চের যারা মারা গেছেন বা ডুবে গেছেন, তাঁদের অনেককে তিনি ভালো করে চেনেন। কারণ এসব মানুষ মুন্সিগঞ্জ থেকে প্রতিদিন ঢাকায় আসেন। কাজ শেষে আবার মুন্সিগঞ্জে চলে যেতেন।’
আবদুর রউফ বলেন, ‘আমাদের লঞ্চটতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। নিয়ম মেনে ঘাটে ভেড়াচ্ছিল। হঠাৎ করে অন্য লঞ্চটি ধাক্কা দিয়ে এই মানুষগুলোকে মেরে ফেলল। আমিও মরে যেতে পারতাম।’
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন আজ বিকেলে সাংবাদিকদের জানান, ডুবে যাওয়া লঞ্চটির বেশিরভাগ যাত্রী উপরে উঠতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরাও উদ্ধার তৎপরতা চালিয়ে ত্রিশটির বেশী লাস উদ্ধার করেছে ।বাকী নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরিরা তখনো কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.