হাবিব শিমুল ,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহারে পূর্ব ঘটনার জেরে, নাম বিভ্রাটে খুন হল সিহাব হোসেন (১৭) নামের এক মেধাবী ছাত্র।
ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবার(২ আগস্ট) রাতে রক্তদহ বিলের বেইলী ব্রীজ এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের দুই বন্ধু। নিহত সিহাব হোসেন সান্তাহার শহর সংলগ্ন দমদমা গ্রামে হারুনুর রশিদের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে।
জানা গেছে, ঈদের দিন বিকেলে দমদমা গ্রামের উত্তরপাড়ার সোহাগ হোসেনের ছেলে শিহাব তার কয়েক বন্ধুকে নিয়ে ওই বেইলিব্রিজ এলাকায় আড্ডা দিতে যায়। এসময় সেখানে শিহাব গ্রুপের সাথে পাশের করজবাড়ি গ্রামের এখলাস হোসেনের ছোট ছেলে শিপন গ্রুপের মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনার বদলা নিতে ফুঁসে উঠে শিপনের বড় ভাই শিপলু। পর দিন সন্ধ্যা রাতে দমদমা পূর্বপাড়ার হারুনুর রশিদের ছেলে সদ্য এসএসসি পাস করা সিহাব তার দুই বন্ধু প্রহর (১৫) ও জাকির হোসেন (১৭)কে নিয়ে ওই বেইলি ব্রীজ এলাকায় বেড়াতে যায়।
এসময় সেখানে অবস্থান করা করজবাড়ি গ্রামের এখলাস হোসেনের বড় ছেলে শিপলু হোসেন, সিহাব হোসেনের নিকট এসে নাম জিজ্ঞাসা করে। সিহাব সরল বিশ্বাসে তার নাম বলা মাত্রই শিপলু সিহাবের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে তার গলা কেটে দেয়। এর পর সিহাবের বন্ধু প্রহর ও জাকিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিহাবসহ তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮ টার দিকে সিহাব মারা যায়। সিহাবের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসার সাথে সাথে কিশোর, তরুন ও যুবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় বিক্ষুব্ধ জনতা করজবাড়ি গ্রামের মনে করে অন্য গ্রামের কয়েকটি যানবাহন (অটো এবং চার্জার ভ্যান) ভাংচুর করে। এসময় সাদা পোশাকের পুলিশ ভাংচুর আটকাতে গেলে তারা বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে।
এ ব্যপারে সোমবার(৩ আগস্ট) আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এখনো থানায় কোন মামলা দায়ের হয় নি। এই খুনের সাথে জড়িতরা ঘটনার পরই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায় নি। তবে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.