হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
সান্তাহারে পূর্ব ঘটনার জেরে, নামের মিল থাকায় দুর্বৃত্ত কর্তৃক সিহাব আহাম্মেদ নামের নিরপরাধ এক মেধাবী ছাত্রকে খুনের প্রতিবাদে এবং আসামী গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার(৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সান্তাহার রেলগেট চত্বরে এই মানব বন্ধন করা হয়েছে।
খুনের শিকার দমদমাবাসী সিহাবের গ্রামবাসীর আয়োজনে ওই গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম চম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানব বন্ধনে বক্তব্য রাখেন দমদমা গ্রামবাসী গোলাম আমবিয়া লুলু, ইউপি সদস্য শিপলু খান, সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন, সিহাবের চাচা ফারুক হোসেন, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, কাজী জামিল হোসেন এবং সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, সান্তাহার নাগরিক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন প্রমুখ।
বক্তারা ঘটনার ৪ দিনেও খুনিদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।
এই মানব বন্ধন থেকে আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার খুনের ঘটনাস্থল রক্তদহ বিলের পাড়ে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যা রাতে রক্তদহ বিলের বেইলী ব্রীজ পয়েন্টে, মারপিটকারির নামের সাথে মিল থাকায় খুন করা হয় নিরপরাধ মেধাবী ছাত্র সিহাব আহাম্মেদকে। সে দমদমা গ্রামের সবজি বিক্রেতা হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে নিহত সিহাবের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ এবং ৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এদিকে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি শহরের পুর্বাশা সিনেমা হল এলাকায় পৌঁছলে সেখানে সামনে পাওয়া একটি ইজিবাইক ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে, চালক এলাহি’র উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করা হয়। সে সিহারের খুনি শিপলুর গ্রামের বাড়ি করজবাড়ি গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সান্তাহার ফাঁড়ি পুলিশের টিএসআই ওয়াদুদ হোসেন।
বিক্ষোভ মিছিল থেকে ইজিবাইক চালক এলাহিকে কে বা কারা হামলা চালিয়ে ছুরিকাঘাত করেছে তা এখনো সনাক্ত করা যায় নি বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.