অনলাইন ডেস্ক।।
লাইসেন্সকৃত টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন করতে হবে এবং পত্রিকাগুলোকে তাদের মুদ্রণ সংস্করণ থেকে অনলাইন সংস্করণে ভিন্নতা আনার ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে।
আজ সোমবার(৩১ আগস্ট)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে ২০১৭ সালের অনলাইন মিডিয়া নীতিতে কিছু সংশোধন করে জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘লাইসেন্সকৃত টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য পূর্বানুমতি নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু ( লাইসেন্স অনুযায়ী) তারা নিউজপোর্টাল চালানোর অধিকারপ্রাপ্ত নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্রগুলোকেও প্রিন্ট সংস্করণের সাথে অনলাইনে কোনো প্রকার পরিবর্তন আনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠিত না হওয়ায় তথ্য মন্ত্রণালয় অনলাইন নিউজপোর্টাল পরিচালনার অনুমতি দেওয়ার জন্য একটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।
এছাড়া মন্ত্রিসভা ট্রাইব্যুনালের পরিবর্তে উপযুক্ত আদালতে মাদক সংক্রান্ত মামলার বিচারের বিধান রেখে ‘মাদকদ্রব্য (সংশোধন) আইন, ২০২০’-এর খসড়াও অনুমোদন করেছে।
এছাড়াও, মন্ত্রিসভা মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল), আইন ২০২০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
মন্ত্রিপরিষদ ‘সোনাদিয়া সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’-এর খসড়ায় নীতিগত অনুমোদনের বিষয়ে ২ জানুয়ারি, ২০১২-এ গৃহীত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিল করার প্রন্তাব অনুমোদন করে।
এছাড়া, প্রতি বছর ৫ আগস্ট জাতির পিতার বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন হিসাবে পালনের প্রস্তাব অনুমোদন করে।বাসস
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.