নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রামগতিতে গণধর্ষণের শিকার বিধবা (৩৮) নারীর দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আবদুল করিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার(১২ অক্টোবর) সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গ্রেফতারকৃত করিম উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, ঘটনার পর পরই প্রধান আসামি করিম আত্মগোপনে চলে যান। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মামলার অপর চার আসামি সোহেল, জামাল, আরিফ ও আলাউদ্দিনকেও পুলিশ গ্রেফতার করেন। আদালতের নির্দেশে তারা এখন রিমান্ডে রয়েছেন।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রধান আসামি করিমকে গ্রেফতারের মাধ্যমে এ মামলার এজাহারভুক্ত সব আসামি পুলিশের হাতে ধরা পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.