স্টাফ রিপোর্টার ।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদী দখল প্রসঙ্গে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
৩১ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্হানীয় পৌর মেয়র মো. ইসমাইল খোকন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি দায়ের করেন। ২৯/৩১/৩৬ ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে (১২ নং) মামলা করা হয়।রোববার (১ নভেম্বর) বিকেলে রায়পুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন- লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা রহমান রাঙ্গা, এশিয়ান টিভির রায়পুর প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু ও মোহনা টিভির রায়পুর প্রতিনিধি এসএন রিয়াদ উদ্দিন।
মামলার এজাহার ও বিভিন্ন সুত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর দৈনিক বাংলার মুকুল পত্রিকায় ‘রায়পুরে ডাকাতিয়া নদী এখন খোকন ডাকাতের কবলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে রায়পুর পৌর মেয়র মো. ইসমাইল খোকন ৩১ অক্টোবর শুক্রবার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাদী ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তার (ইসমাইল খোকন) সুনাম হেয় প্রতিপন্ন করার জন্য বিবাদীগন একযোগে ষড়যন্ত্র করে। এজাহারে তিনি আরো উল্লেখ করেন, বিবাদীগন সমাজবিরোধী, চাঁদাবাজ, লেখাপড়া বিহীন বখাটে ধান্ধাবাজ সাংবাদিক এবং মানুষকে ব্লাকমেইল করে বিপদে ফেলে অনৈতিক চাঁদা দাবী করাই তাদের পেশা।
এ ব্যাপারে সাংবাদিক মিজানুর রহমান মুকুল বলেন, সংবাদটি প্রকাশের পর মেয়রের আপত্তির কারণে আমরা পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে সংশোধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সে কারনে পরদিন ২৯ অক্টোবর পত্রিকায় সংশোধনী দেয়া হয়েছে। তারপরও উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করা হয়েছে। এটি আমরা আইনিভাবে মোকাবিলা করব।
সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাব, সম্পাদক পরিষদ, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা রিপোর্টাস ক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্হার সংবাদকর্মীগণ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিনষ্টের উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের এসব সংগঠন। আজ ১ নভেম্বর রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ প্রতিবাদ সভার আয়োজন করেছে।
এদিকে অনতিবিলম্বে নিঃশর্তভাবে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক বায়েজীদ ভূঁইয়া, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি একিউএম সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়, লক্ষ্মীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ সহ সাংবাদিক নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী, সাধারন সম্পাদক আবদুল মজিদ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.