অনলাইন ডেস্ক ।।
স্বল্প সময়ের ফসল হিসেবে শসা চাষ করে লাভবান হচ্ছেন জয়পুরহাট জেলার প্রান্তিক পর্যায়ের চাষিরা। এবার শসার ভালো দাম পেয়ে শশা চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে কৃষকদের।
জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল ভাদসা ইউনিয়নের গোপালপুর নামক স্থানে বসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শশার হাট । এখান থেকেই পাইকাররা শশা কিনে সরবরাহ করে থাকেন দেশে বিভিন্ন স্থানে। দেশীয় প্রযুক্তিতে চাষ করা খেতে সুস্বাদু জয়পুরহাটের শশা উন্নত মানের হওয়ায় জেলার গন্ডি পেরিয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পাইকারী বাজারে এবার শশা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি।
প্রতিদিন এ গোপালপুর বাজার থেকে ৪০ জন পাইকার শশা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। পাইকারদের মধ্যে হামিদুর রহমান ছানা, জামিল হোসেন, সেলিম , কাওসার আহমেদ ও ফরহাদ জানান, এখানকার শশার চাহিদা বেশি থাকায় প্রতিদিন ৪০ থেকে ৪২ ট্রাক শশা ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। শশার বীজ লাগানো থেকে ৫০ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এবং তেমন কোন পরিচর্যাও প্রয়োজন হয় না। ফলে অন্যান্য ফসল চাষের তুলনায় শশা চাষে খরচ কম পড়ে।
জেলায় এবার ৫ হেক্টর জমিতে শশার চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। জয়পুরহাটের গোপালপুরে উত্তরাঞ্চলের সব চেয়ে বড় শশার হাট বসে উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স.ম মেফতাহুল বারি বলেন, এখান শশা সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক বেশি। স্বল্প সময়ের ফসল শশা চাষ লাভ জনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে শশা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.