নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বাড়িতে একা পেয়ে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী এ ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেছেন।
অভিযুক্ত বাবুল মিয়া পৌরসভার পূর্বলাচ গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। তিনি পেশায় সুইপার। তবে ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছেন।
মামলার এজাহারে জানা যায়, ১৬ নভেম্বর দুপুরে পৌরসভার পোস্ট অফিসসংলগ্ন ওয়াপদা কলোনিতে শিশুটিকে বসতঘরে রেখে তার বাবা ও মা লক্ষ্মীপুর শহরে যান। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বাবুল মিয়া। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশী নারী এগিয়ে গেলে বাবুল পালিয়ে যায়।
পরে বাবা-মা এসে শিশুটিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। শিশুর বাবা অসুস্থ থাকার কারণে মামলা করতে সময়ক্ষেপণ হয় বলে জানায় ভুক্তভোগী শিশুর পরিবার।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, সুইপার বাবুল মিয়াকে আসামি করে ধর্ষণের মামলা করেছেন শিশুর বাবা। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি বাবুল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.