
অনলাইন ডেস্ক ।।
সিদ্ধান্ত পাল্টেছেন নাবিব নেওয়াজ। হাঁটুর চোটে পড়ে কাতার যাননি তিনি।নাবিব নেওয়াজ এখন মনে করছেন সিদ্ধান্তটা ভুলই নিয়েছিলেন।
আগামীকাল দোহার উদ্দেশে উড়াল দেবেন তিনি। যোগ দেবেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে এ মুহূর্তে কাতারে থাকা জাতীয় ফুটবল দলের সঙ্গে।
১৯ নভেম্বর বাংলাদেশ দল দোহা যাওয়ার আগের রাতে দুঃসংবাদ শোনেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। করানো হয়েছিল এমআরআই। সেই রিপোর্ট ভালো আসেনি। ম্যাচ খেলার সম্ভাবনা নেই দেখে দলের সঙ্গে যাননি। এখন চোটের অবস্থা একটু ভালো।
ফিজিওর দেওয়া ওষুধ খেয়ে আমার হাঁটুর ব্যথা অনেক কমেছে বলেও জানালেন তিনি, ‘এখন ওষুধ খেয়ে অনেক ভালো বোধ করছি। ব্যথাও কমেছে। পুরো ব্যাপারটা কোচ জেমি ডেকে জানালে তিনি আমাকে কাতার যেতে বলেন। তাই আগামীকাল যাচ্ছি। হাতে আরও কয়েক দিন সময় থাকায় মনে হচ্ছে কাতারের বিপক্ষে খেলার ভালো সম্ভাবনা আছে আমার।’
কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের ম্যাচে কোচের পরিকল্পনায় রয়েছেন এই স্ট্রাইকার। গতকাল করোনা পরীক্ষায়ও নেগেটিভ এসেছে তাঁর। তবে এখনো পজিটিভ কোচ জেমি ডে। তাই জেমির এখনই যাওয়া হচ্ছে না দোহায়। আগামীকাল নাবিবের সঙ্গী হয়ে দোহা যাবেন বাংলাদেশ দলের পর্যবেক্ষক ও বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.