অনলাইন ডেস্ক ।।
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করেছে সরকার। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে উপসচিব বেবি পারভীনের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জাতীয় কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়াও আরো ১৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও রয়েছেন।
সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ছাড়াও রয়েছেন- পুলিশের আইজি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সামরিক গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
কার্যপরিধিতে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ সব কার্যক্রমের সমন্বয় সাধন করা। প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স (এনটিএফ) ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাহী কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন পুনঃনিরীক্ষণ ও পরামর্শ প্রধান করাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো তদারকি করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ এই কমিটিকে সার্বিক সহায়তা করবে। এই কমিটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.