প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০, ৫:৫০ পি.এম
জমি নিয়ে বিরোধ: জবি শিক্ষার্থীর উপর হামলা ও প্রাণনাশের হুমকি

জবি সংবাদদাতা ।।
রাজবাড়ী জেলার কালুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এস এম রুবেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও তার পরিবার। জমির দখল নিয়ে বুধবার এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তোভোগী রুবেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আহত অবস্থায় এস এম রুবেলকে পাংশা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কালুখালী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হামলার শিকার হওয়া শিক্ষার্থী রুবেল বলেন, কালুখালী উপজেলার তফাদিয়া এলাকার দেলোয়ার শেখ, আরিফ, ও সোহেল রানা সেনা সদস্য আব্দুস সোবহানের জমি থেকে চুরি করে মাটি বিক্রি করছিল। একই সাথে আমাদের জমি থেকে বেশ কয়েকটি গাছ কেটে ফেলে তারা। বিষয়টি আমি কালুখালী থানা পুলিশকে জানানোর পরই পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করা মাত্রই আমাকে তারা বেধড়ক মারধর করে । ওই মাটি দস্যুরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এ ব্যাপারে কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
পাংশা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রুবেল আরো বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা আমাকে হুমকি দিচ্ছে। এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে চরমভাবে হতাশার মধ্যে রয়েছি।
রুবেলের পিতা আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ওই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য ওরা আমাদের পিছু লেগেছে। ২০০৯ সালে আমাদের বাড়ীতে আগুন লাগিয়ে দিয়ে সর্বশান্ত করার চেষ্টাও করেছিল। এখনও তারা আমাদের উচ্ছেদ করার পায়তারা করে আসছে।
এ বিষয়ে কালুখালী থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আমি বৃহস্পতিবার এ বিষয়ে তদন্তে যাবো। আর এটি মামলা নেওয়ার মত ঘটনা না। আমি মামলা নিবো না আপনি এটাই লিখে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ওই শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি আমরা জেনেছি। আমি তদন্ত পূর্বক এর ন্যায় বিচার চাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.