অনলাইন ডেস্ক ।।
দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সংসদ ভবনস্থ তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত সোমবার(২৮ ডিসেম্বর) দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু-নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।
ওবায়দুল কাদের বলেন, ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।
২৩ টি পৌরসভার ঘোষিত ফলে ২টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকেও ধন্যবাদ জানান।
প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনভাবেই অনিয়মের সুযোগ নেই।
নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্র মতে, পৌরসভাসমূহে ৬০ শতাংশেরও বেশি ভোট কস্ট হয়েছে, কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জণগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তা আজ অসারতা প্রমাণিত হয়েছে।
গতকালের পৌর-নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশঃ কমছে বলেও মত প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন,কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই, ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.