লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পেলেন জেলার সাবেক ক্রিকেটার বাবর

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জেলার সাবেক ক্রিকেটার সৈয়দ নুরুল আজিম বাবর। তিনি একই ক্লাবের সদস্য ও ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক। লক্ষ্মীপুরের খেলার জগতে তিনি সবার পরিচিত মুখ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে ম্যানেজারের দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে জানা যায়।
ক্লাব সূত্র জানায়, আসন্ন লক্ষ্মীপুর ক্রিকেট লীগকে সামনে রেখে ক্লাবের সদস্যদের নিয়ে এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে সবার সম্মতিতে সৈয়দ নুরুল আজিম বাবরকে তার ক্রিকেটের অতীত অভিজ্ঞতার আলোকে ২০২১-২২ সালের জন্য ক্লাবের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে সৈয়দ নুরুল আজিম বাবর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্টের নেতৃত্ব দিয়েছি, সে ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছি। এটি আমার জন্য গর্বের বিষয়। লক্ষ্মীপুর ক্লাব আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আমাকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। তিনি ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল বলেন, বাবর জেলার সাবেক ক্রিকেটার। আমাদের ক্লাবের সদস্য। অতীতে তিনি বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবের হয়ে নেতৃত্ব দিয়েছেন৷ অভিজ্ঞতার বিষয় পর্যালোচনা করে তাকে ম্যানেজারের দায়িত্ব দেয়া করা হয়েছে৷ আশা করছি তিনি সফল হবেন৷
