অনলাইন ডেস্ক ।।
কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় বাংলাদেশের সেনাপ্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অনলাইন প্ল্যাটফর্ম ও সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। তবে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের প্রশ্নে কোন ধরনের আদেশ দেয়নি আদালত।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ ও তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরা সম্প্রতি 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' নামে একটি তথ্যচিত্র প্রচার করে যাতে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।
এনিয়ে আলোড়ন সৃষ্টি হলে আল-জাজিরার এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে এবং বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ চেয়ে সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
৮ই ফেব্রুয়ারি হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষাপটে আবেদনটি বিবেচনার যোগ্য কি-না তা নির্ধারণে, বুধবার ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বুধবার আদালত যে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে, তারা হচ্ছেন এজে মোহাম্মদ আলী, আব্দুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী এবং কামাল উল আলম।
গত ২ ফেব্রুয়ারি ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। বাংলাদেশ নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের কারণে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.