প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২১, ৬:৪২ পি.এম
পলাশে নিখোঁজের ১১ দিন পর কিশোরের লাশ মিললো নদীতে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে নিখোঁজের ১১দিন পর হারিধোয়া নদীতে মিললো কিশোর মোঃ ইয়াকুব মিয়ার লাশ। নিহত ইয়াকুব উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মোঃ ইলিয়াস মিয়া ছেলে। এর আগে ২২ ফেব্রুয়ারি কিশোরের নিখোঁজের ঘটনায় পলাশ থানায় সাধারণ ডাইরি করেন তার মা আমেনা বেগম।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় ইয়াকুব।
পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডাইরি করা হয়। এদিকে নিখোঁজের ১১ দিন পর আজ সকালে দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ঐ কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হারিধোয়া নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.