এ বছর হচ্ছে না বিপিএল

অনলাইন ডেস্ক ।।

করোনা পরিস্থিতির মাঝে দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় ও অর্থ-সমৃদ্ধ টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে বিপাকে পড়েছে বিসিবি। করোনা পরবর্তী ক্রিকেট চালু হলেও বিপিএল আয়োজনের উইন্ডো আপাতত নেই। আগামী জানুয়ারির আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার মানে পরিস্কার যে, চলতি বছরে বিপিএল হচ্ছে না।

মূলত জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারণেই এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছেনা।নির্ধারিত সময়ে জাতীয় খেলোয়াড়দের না পাওয়ায় এই বছর টুর্নামেন্ট আয়োজন না করার কারণ বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএল হচ্ছে কী হচ্ছে না, সেটা আমরা আমাদের সূচি দেখে বলতে পারব। দুটি উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে। ওই সময়ে আবার পাকিস্তানে যাওয়ার কথা আছে। আবার ডিসেম্বরে খুব সম্ভবত নিউজিল্যান্ড আসার কথা। সেক্ষেত্রে বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।’

প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নভেম্বরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ এবং ডিসেম্বরে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিবে তারা। আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ঘরোয়া ক্যালেন্ডার প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর আজ মল্লিক বলেন, ‘জাতীয় দল নভেম্বর মাসে পাকিস্তান সফর করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল আয়োজন সম্ভব নয়। তাই আগামী জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল।’

২০১৮ সালে সর্বশেষ বিপিএল অনুষ্ঠিত হয়েছিলো। ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিশেষ বিপিএল আয়োজন করা হয়েছিলো। দলগুলোর স্পন্সরশীপ দিয়ে টুর্নামেন্ট আয়োজন হয়েছিলো। সফলভাবে টুর্নামেন্টটি আয়োজনের পর, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসাবে প্রতি বছর আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিবি।