প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ৭:১৬ পি.এম
সময়-সুযোগ থাকলে নিজেই কুবির ছাত্র হয়ে পড়ালেখা করতাম: অর্থমন্ত্রী

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বহুল প্রতীক্ষিত অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ২:৪৫ মিনিটে বিশ্ববিদ্যলয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীরর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল (এমপি) ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল (এমপি) এ সময় বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী কোন প্রশ্ন না করেই এ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট দিয়েছেন। তার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরো বলেন, আমার সময়-সুযোগ থাকলে আমি নিজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে পড়ালেখা করতাম। আমার সেই সময়-সুযোগ নেই। এখন যারা পড়ছেন তারাই এটিকে এগিয়ে নিবেন।
এ সময় মহিবুল হাসান চৌধুরী (এমপি) বলেন, আগে থেকেই কুমিল্লা শিক্ষা-সংস্কৃতির দিক থেকে এগিয়ে আছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাফল্যের নতুন একটি পালক যুক্ত করলো। সেনাবাহিনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভৌত উন্নয়ন হবে কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভৌত উন্নয়নই যথেষ্ট নয়। গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, সবাইকে অনার্স করতে হবে ব্যাপারটা এমন না। আমাদের ভোকেশনাল শিক্ষার প্রতি জোর দিতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ সানোয়ার আলী বলেন, সেনাবাহিনী আগে অনেক মন্ত্রণালয়ের কাজ বাস্তবায়ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রথম কোন কাজে সেনাবাহিনী রয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী স্বল্প সময়ের এ কাজ শেষ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রকল্পের সাথে জড়িতদের যদি আমরা বিরক্ত করি তাহলে কাজ দীর্ঘায়িত হবে। আর যদি সহযোগিতা করি তাহলে আর দ্রুত গতিতে হবে। আমি আসার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুত এ প্রজেক্ট একনেকে পাশ করাতে পেরেছি। তবে অভিজ্ঞতার ঘাটতির কারনে প্রকল্পের কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।
তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়নে যে গড়িমসি তা জানতে পেরে মাননীয় অর্থমন্ত্রীর সাথে পরামর্শ করে এ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভার্চুয়াল ক্লাসরুমে বক্তৃতার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাটি কেটে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরবর্তীতে দোয়ার মাধ্যমে এ উদ্বোধন কাজ শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.