প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৬:০০ এ.এম
নরসিংদীতে বাড়িঘর, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওয়ে ফেসবুকে দেয়া স্টেটাসকে কেন্দ্র করে হিন্দু বাড়ি ঘরে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা ও শহর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল ১১টার দিকে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ও শহর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিজয় গোস্বামীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও পৌর কাউন্সিলর অনিল ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষন চক্রবর্তী, সাধারন সম্পাদক রঞ্জন সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী শহর হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক তন্ময় দাস তনুসহ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারাই সনাতন ধর্মের লোকদের বাড়ি ঘরে হামলা মন্দির ভাংচুর ও লুটপাটের মতো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তারা পূর্বেও পাকিস্থানের দালালী করেছে। আজকেও তারা আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে পাকিস্থান আফগানিস্থানের মতো বানানোর চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, ব্রাহ্মনবাড়িয়া, রংপুর দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার একটিরও কোন বিচার হয়নি। পূর্বের ঘটনাগুলোতে যদি সঠিকভাবে বিচার কার্য সম্পন্ন হতো তাহলে আজকে এমন ঘটনা ঘটতো না। আজকে যদি এর সঠিক বিচার না হয় তাহলে আমরা সনাতন ধর্মালম্বীরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের ডাক দিবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.