মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের উল্টো দিকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিলন মিয়া (২০) নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছে। আহত যুবক বাংলাদেশে প্রবেশের পর নাগেশ্বরী থানার পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
রোববার (১১ এপিল) ভোররাতে কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ বাংলাদেশী ভেবে এক ভারতীয় যুবক কে গুলি করে।গুলিতে আহত ভারতীয় যুবক মিলন মিয়া প্রান বাঁচাতে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে,এই অবস্থায় নাগেশ্বরী থানা পুলিশ খবর পেয়ে আহত মিলন কে ভিতরবন্দ গ্রাম থেকে উদ্ধার করে, গুলিবিদ্ধ মিলন কে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।মিলন মিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সাইদারের কুটি গ্রামের জগু আলমের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় যুবক মিলন মিয়া জানায়,আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬-এর ৪ এস সাব-পিলার পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নোম্যান্স ল্যান্ডে তাদের বাড়ি।তারা ভারতীয় নাগরিক।সে শনিবার সন্ধ্যার পর কাটা তারের পাশে গেলে ভারতীয় বিএসএফ টহল দল তাকে গুলি করে,জীবন বাঁচাতে সে বাংলাদেশ ভূখণ্ডে চলে আসে।তার নানা বাড়ী ভিতরবন্দ গ্রামের মকবুল মিয়ার বাড়ীর পাশে আহত অবস্থায় নাগেশ্বরী থানা পুলিশ উদ্ধার করে তাকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির জানান, ভারতীয় এক যুবক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার খবর পেয়ে,ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা বিজিবি কর্তৃপক্ষ গ্রহণ করবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম জানিয়েছেন, ভারতীয় ওই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.