প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২১, ৭:১৫ পি.এম
মেঘনায় দুই স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও এক শিশু নিখোঁজ

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর মেঘনা নদীতে দুই স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষে হানিফ মিয়া (৬০) নামে একজন নিহত ও নাহিদ মিয়া নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার ১২ এপ্রিল সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা চম্পকনগরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়কান্দি এলাকার মৃত. সুরুজ মৌলভীর ছেলে। নিখোঁজ শিশু নাহিদ নরসিংদী শহরের বানিয়াছল এলাকার ফারুক মিয়ার ছেলে । আহতরা হলেন, নিহত হানিফ মিয়ার ছেলের বউ সানজিদা আক্তার (২৭) অপর ছেলের বউ ইমা (২৪), ভাতিজা দুলাল মিয়া (৩০) এবং বেয়াই মোসেন মিয়া (৩২)।
করিমপুর নৌ-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ছলিমগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পীড বোট নরসিংদীর দিকে আসছিল। এসময় বিপরীত দিক নরসিংদী ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার মরিচাকান্দি ঘাটের দিকে যাওয়ার পথে চম্পকনগর এলাকায় অপর একটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বোটের ৪ জন আহত ও একজন নিহত হয়। এসময় বোট থেকে ছিটকে পড়ে এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে করিমপুর নৌ পুলিশ নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে নরসিংদীর একটি প্রাইভেট ক্লিনিক থেকে ডাক্তার দেখিয়ে স্পীডবোটে করে বাঞ্চারামপুরে ফিরছিলেন হানিফ ও তার পরিবারের সদস্যরা। বুদিয়ামারা চম্পকনগর স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা স্পীডবোটের সাথে সংঘর্ষ হয়। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে একটি বেসরকারি ক্লিনিকে নেয়ার পর হানিফ মিয়াকে মৃত. ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নরসিংদীর করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। তবে নিহত ব্যক্তি সম্পর্কে শুনেছি খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা যাবে। নিখোঁজ শিশুকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.