বিশেষ প্রতিনিধি ।।
রাজধানীর পল্লবীতে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক এক এমপিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
২০ মে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।
তিনি বলেন, র্যাবের অভিযানে ভৈরব এলাকা থেকে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার একনম্বর আসামি মো. আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে বিকেল বৃহস্পতিবার ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে সাত বছরের সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে বিকেল ৪টায় সুমন ও টিটু নামে দুই যুবক শাহীন উদ্দিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ফোন করে ডেকে নেন। শাহীন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন ও টিটুসহ ১৪/১৫ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যান। এ সময় শাহীনের সাত বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। ফের কুপিয়ে সেখানে ফেলে রেখে চলে যান তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.