প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৮:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৪:০৯ পি.এম
নরসিংদীর পলাশে শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে কলাবাগানে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলজার হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ মে মঙ্গলবার রাতে উপজেলার উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলজার হোসেন উত্তর ডাঙ্গা গ্রামের হাসেম মিয়ার ছেলে।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ মে বিকালে ৯ বছর বয়সী ওই শিশুটিকে বাড়ির উঠান থেকে মুখ চেপে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জায়েদ আলীর কলাবাগানে অভিযুক্ত গোলজার হোসেন শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায়।
এসময় শিশুটির চিৎকারে শিশুটির বড় বোনসহ স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত গোলজার হোসেন পালিয়ে যায়। এই অভিযোগ নিয়ে স্হানীয় গণ্যমান্যদের কাছে সুষ্ঠ বিচার পাবার আশায় ঘুরাঘুরি শেষে এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত গোলজারকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গোলজার হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.