বিশ্ববিদ্যালয় খুলে দিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি ।।
অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা নেয়ার দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। আকাশপথ, নৌপথ, হাটবাজারসহ দেশের সবকিছু কোনো বাধাবিঘ্ন ছাড়া স্বাভাবিক ভাবে চলছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিবেন না। একটা জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণীকক্ষে কিন্তু আপনারা জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই।
তারা আরো বলেন, অনলাইনে নামমাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়। বিগত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমসে ও মাদকে আসক্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। অনেক মেয়ে শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হচ্ছে। যেখানে গার্মেন্টস কারখানা খোলা সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ। তাই, সরকার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আমাদের অনুরোধ দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিন।
