নিজস্ব প্রতিবেদক ,ঢাকা ।।
লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা ও আসনটিতে উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ফৌজদারি অপরাধে কুয়েতের আদালতে দণ্ডিত স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলের আসন রক্ষায় তার বোনের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামাংল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।
বাংলাদেশের বাইরে বিশ্বের যেকোনো দেশে নূন্যতম দুই বছর বা তার অধিক মেয়াদে দণ্ডিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এর ফলে পাপুলের আসনে নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।
আসনটির সংসদ সদস্য ছিলেন শহিদ ইসলাম পাপুল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হন তিনি। ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে তিনি দন্ডিত হলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।এই আসন শূন্য ঘোষণা ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নে রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আইনজীবীরা জানান, রিটটি খারিজ আদেশের ফলে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা ও উপ-নির্বাচনের ঘোষিত তফসিল বহাল থাকলো।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি পাপুলের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ৪ মার্চ। ঘোষিত তফসিল অনুসারে ১১ এপ্রিল ওই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করা হয়।
পাপুলের আসন শূন্য ঘোষণার গেজেটে বলা হয়, কুয়েতের ফৌজদারি আদালতের গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন। সেই কারণে সংবিধানের ৬৭(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি থেকে তার আসন শূন্য হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.