প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২১, ৮:২৯ এ.এম
কুবির ‘‘কোয়াণ্টা রোবটিক্স” টিম-এর আরোও একটি সাফল্য ‘ব্লুবেবি’

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সঞ্জিত মন্ডলের নেতৃত্বে 'ব্লুবেরি' নামক মানবাকৃতির একটি রোবট তৈরি করেছে টিম "কোয়াণ্টা রোবটিক্স"। এ প্রজেক্টে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার)।
রোবটটি তৈরি করতে প্রায় সাড়ে ৩ মাসের মতো সময় লেগেছে বলে জানান দল নেতা সঞ্জিত মন্ডল। এ দলের বাকি সদস্যরা হলেন আইসিটি বিভাগের জুয়েল দেবনাথ ও সিএসই বিভাগের মিষ্টু পাল।
তাদের সাথে কথা বলে জানা যায়, মানুষের মতো আচরণ করা, প্রায় সকল প্রশ্ন-উত্তরের জবাব দেয়া, বাসায় গ্যাস লিকেজের কিংবা আগুন লাগার ব্যাপারে অবগত করা কিংবা আরেকটু উন্নত করা গেলে করোনার স্যাম্পল কালেক্ট করার মত অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে রোবোটটিকে। এছাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে এবং বাচ্চাদের বিনোদন দিতে এবং যেকোনো প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে নতুন কিছু শেখানোর কাজেও ব্যবহার করা যাবে এটিকে।
এ রোবটটিতে ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই মাইক্রো প্রসেসর ও আর্দুইনো মেগা মাইক্রোকন্ট্রোলার।
রোবটটির ব্যাপারে সঞ্জিত মন্ডল বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আবু মুসা আসারী ভাইয়ের সহযোগিতা পেয়েছি কাজটি করার সময়। দেশের সকল স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের রোবট তৈরিতে আকৃষ্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে এ রোবটটিকে আরো উন্নত করা সম্ভব, চাইলে প্রায় প্রত্যেক দিনই আপডেট করা যাবে। সামনে আরো নতুন অনেক কাজ করার ইচ্ছা আছে রোবট নিয়ে।'
প্রসঙ্গত, সঞ্জিত মন্ডলের নেতৃত্বে ২০১৯ সালে দেশের চতুর্থ মানবাকৃতির রোবট 'রোবট সিনা' তৈরি করা হয়েছিল। এতে ব্যয় হয়েছিল আটত্রিশ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.