প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৮:৪৯ এ.এম
নোয়াখালীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণে দু’গ্রুপে গোলাগুলি, গুলিবিদ্ধ-১

খোরশেদ আলম শিকদার নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুধারাম উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে।
গত বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রীকফিল্ডের সংলগ্ন এলাকায় উভয় গ্রুপের সদস্যরা গোলাগুলিতে লিপ্ত হয়। এতে রুবেল নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। গুলিবিব্ধ রুবেল (২৭) উপজেলার দাদপুর ইউনিয়নের মোঃ হানিফের ছেলে। পরে স্থানীয় এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে দাদপুর ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন গ্রুপ আর কসাই জহির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’টি গ্রুপের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি সাহেদ উদ্দিন বলেন, গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.